ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় বড় অগ্রগতি হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে এই আলোচিত মামলার চূড়ান্ত চার্জশিট আদালতে দাখিল করা হবে।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন সচিব নাসিমুল গনি। তিনি জানান, চার্জশিটটি বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার স্তরে রয়েছে।
সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, "ইনশাআল্লাহ, ৭ জানুয়ারির মধ্যে আমরা চূড়ান্ত চার্জশিট জমা দেবো। এটি প্রস্তুত হয়ে গেছে, এখন কেবল শেষবারের মতো যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সংবেদনশীলতা এবং জনগুরুত্ব বিবেচনায় দ্রুততম সময়ে বিচারপ্রক্রিয়া শুরু করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। শরিফ ওসমান হাদি হত্যা মামলাটি দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছিল, যার তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে বিচারপ্রক্রিয়া নতুন গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।