নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ও ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনের সড়কে সমবেত হয়ে তারা এই বিক্ষোভ শুরু করেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই কর্মসূচিতে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে রাজপথে নেমেছে ছাত্রদল। তাদের দাবি, পোস্টাল ব্যালট নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং এতে নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট হবে। এছাড়া তারা অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে এবং তাদের নেওয়া সিদ্ধান্তগুলো হঠকারী ও অদূরদর্শী।
আন্দোলনকারীদের আরও অভিযোগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা মূলত বিশেষ একটি দলের নির্দেশেই হয়েছে। একে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য 'অশনিসংকেত' বলে অভিহিত করেছেন ছাত্রদল নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।