ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দেশ গড়ার লক্ষে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে এক থাকতে হবে। তিনি এই বিজয়কে বাংলাদেশের সাধারণ মানুষের বিজয় হিসেবে অভিহিত করেন এবং রাষ্ট্র পুনর্গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে তারেক রহমান জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক। বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলামসহ অংশগ্রহণকারী সব দলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দেড় দশকের অপশাসনে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এখন নতুন সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দেশ গঠনের ক্ষেত্রে কোনো বিভেদ রাখা চলবে না। একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে তিনি দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।