ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কড়া সমালোচনা করে বলেছেন, অসভ্য ভাষা ও কুৎসা রটিয়ে নিজেকে জাহির করা যায় না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গুলিস্তানের হল মার্কেটে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, জামায়াতের একটি অংশ এবং নব্য প্রার্থীরা বিএনপির বিরুদ্ধে লাগামহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মির্জা আব্বাস আজ রাজধানীর গুলিস্তান, স্টেডিয়াম মার্কেট ও বায়তুল মোকাররম এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইঙ্গিত করে বলেন, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন লাফালাফি করে, তাদের অবস্থাও এখন তেমন। মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা না করে বরং জনগণের জন্য কাজ করুন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের একটি জুনিয়র গ্রুপ বিএনপির বিরুদ্ধে নোংরা কথা বলছে। এমনকি তাদের শীর্ষ নেতারা কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাদের কথা বলার কোনো লাগাম নেই। তিনি আরও যোগ করেন, কোনো অনৈতিক সুবিধা বা চুরিচামারি করে তিনি বড় হননি। সাহস থাকলে বায়তুল মোকাররমের সামনে তার বিরুদ্ধে সালিশ বসানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।
নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস ভোটার ও পোলিং এজেন্টদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। প্রিজাইডিং অফিসারের সই করা রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত কোনো এজেন্ট যেন কেন্দ্র থেকে বের না হয়। গণনার নামে ব্যালট বাক্স অন্যত্র নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।