ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।
সোমবার (২৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আবেদনপত্র দাখিল করেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে লড়াইয়ে কোনো চাপ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মিল্টন।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন শফিকুল ইসলাম খান মিল্টন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিল্টন বলেন, "আমি মিরপুরের সন্তান। এলাকার মানুষ তাদের ঘরের সন্তানকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস। জামায়াতের আমিরের বিপক্ষে লড়াই নিয়ে আমি মোটেও চাপ অনুভব করছি না। আমি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।"
নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষ ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "আমি চাই এলাকার মানুষ নির্ভয়ে থাকুক। ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ পায়, সেই প্রত্যাশাই করছি।" লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, এখনও প্রচারণা শুরু হয়নি, আশা করি নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
ঢাকা-১৫ আসনে মিল্টন ও ডা. শফিকুর রহমান ছাড়াও আরও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে রয়েছেন সিপিবির ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, ইসলামী আন্দোলনের এস এম ফজলুল হক এবং গণফোরামের এ কে এম শফিকুল ইসলামসহ স্বতন্ত্র প্রার্থীরা।
তফসিল অনুযায়ী, আজ সোমবারই মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।