আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা নিশ্চিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। একই আসনে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নও বৈধ বলে জানানো হয়েছে।
ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে নির্বাচনের লক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জমা দেওয়া মনোনয়নপত্রটি সঠিক পাওয়া গেছে। আজ শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা এই ঘোষণা দেন। এর ফলে মির্জা ফখরুলের নির্বাচনী লড়াইয়ে নামতে আর কোনো বাধা থাকল না।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে ঠাকুরগাঁও-১ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন তিনি নিজেই।
এদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেওয়া অন্যান্য প্রার্থীদের মনোনয়নও যাচাই করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও বৈধ বলে গৃহীত হয়েছে। ফলে ঠাকুরগাঁও-১ আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে।