বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দরে অপেক্ষমাণ সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ প্রবাস জীবন শেষে তার এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। দেশের কোটি কোটি মানুষ তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি আরও উল্লেখ করেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের যে কঠিন সংগ্রাম চলেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার সফল পরিণতি এসেছে। ফ্যাসিবাদের পতনের পর মুক্ত পরিবেশে আজ দেশ নতুন এক মুক্তির স্বাদ গ্রহণ করছে।
দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, পরাজিত শক্তিরা এখনো গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ ও নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টায় তৎপর রয়েছে। তবে জনগণের সম্মিলিত শক্তিতে সব অপচেষ্টা রুখে দেওয়া হবে। যারা অগণতান্ত্রিক পথে দেশের অগ্রযাত্রা থামাতে চায়, তাদের স্বপ্ন সফল হতে দেওয়া হবে না। পরিশেষে তিনি একটি বৈষম্যহীন ও সুশাসিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।