আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২০ হাজার টাকা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে দলের ৭ম জাতীয় সম্মেলন উপলক্ষে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার সংবাদ সম্মেলনে এনপিপি'র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এই দাবি উত্থাপন করেন। তিনি জানান, এনপিপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে।
এনপিপি'র ৭ম জাতীয় সম্মেলনে তৃতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ছালাউদ্দিন ছালু, এবং কাউন্সিলরদের ভোটে মহাসচিব হয়েছেন মো. আনিসুর রহমান দেওয়ান। এর ধারাবাহিকতায় শনিবার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, তাই এনপিপি সবসময় নির্বাচনের প্রস্তুতি নিয়ে থাকে। তিনি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, জঙ্গিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।
তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, জোটের শরিক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়া এবং নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করা সময়োপযোগী সিদ্ধান্ত। পাশাপাশি প্রবাসী ভোটারদের ভোটদানের ব্যবস্থা করে রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি পূরণ করায় তিনি ইসিকে সাধুবাদ জানান।
তবে, তিনি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়ে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নির্ধারিত জামানতের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২০ হাজার টাকা পুনর্নির্ধারণ করতে হবে।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল হাই মণ্ডল সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।