ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে। তবে নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করা হলে তা কঠোরভাবে প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান।
মতিঝিল, শাহবাগ ও পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে নিজের ভোট দেওয়ার পর মির্জা আব্বাস গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, “এখন পর্যন্ত পরিবেশ ভালো, কিন্তু শেষ পর্যন্ত জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হবে কি না, তা নিয়ে আমরা সতর্ক আছি।” নির্বাচনে কোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপ করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
একই আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এমন কোনো ঘটনার কথা তাঁর জানা নেই। তিনি নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা করা এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ।