বিএনপি ক্ষমতায় গেলে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি 'তিস্তা মহাপরিকল্পনা' দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন। ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার প্রসারে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
তারেক রহমান বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হলে বিদেশ থেকে রোগীরা এখানকার প্রস্তাবিত হাসপাতালে আসতে পারবেন এবং ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে। উত্তরবঙ্গের কৃষি ও পানির সমস্যা সমাধানে 'তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা'র কাজ শুরু করা হবে বিএনপির অগ্রাধিকার। এছাড়া সৈয়দপুরকে একটি শক্তিশালী শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে রেল কারখানাসহ নতুন নতুন শিল্প স্থাপনের আশ্বাস দেন তিনি।
নীলফামারীতে একটি মেডিকেল কলেজ স্থাপন এবং স্থানীয় ইপিজেডকে আরও বড় করার পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, "এই এলাকা অবহেলিত—এই দুর্নাম আমরা ঘুচাতে চাই।" এলাকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে স্কুল-কলেজ ও উন্নত রাস্তাঘাট তৈরির পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং সাধারণ মানুষের এনজিও ঋণ সরকারিভাবে পরিশোধের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
জনসভায় তারেক রহমান নীলফামারীর চারটি আসনের ধানের শীষ ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এই প্রার্থীরা হলেন—মঞ্জুরুল ইসলাম (নীলফামারী-১), শাহরিন ইসলাম (নীলফামারী-২), সৈয়দ আলী (নীলফামারী-৩) এবং আবদুল গফুর সরকার (নীলফামারী-৪)। তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া কামনা করেন।