জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ জানুয়ারি) রাতে জেলা বিএনপির পক্ষ থেকে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ সময় পর প্রিয় নেতার আগমনের খবরে চাঙ্গা হয়ে উঠেছেন স্থানীয় নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়ায় যাবেন। সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, সফরের সকল প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের পাশাপাশি উখিয়ার নেতাকর্মীরা আরও একটি বিশেষ আবেদন জানিয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে আন্দোলনে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নিতে এবং তার কবর জিয়ারত করতে তারেক রহমান উখিয়াতেও যাবেন বলে আশা করছেন তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ ও পুলিশের সাথে সংঘর্ষে নির্মমভাবে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই তারেক রহমানের এই কক্সবাজার সফর।