জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বিয়ের সাজেই ভোটকেন্দ্রে হাজির হয়ে চমক দিলেন নীলফামারীর সৈয়দপুরের যুবক সামিউল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসার আগে বরের পোশাকেই তিনি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তার এই নাগরিক দায়িত্ববোধ কেন্দ্রজুড়ে ব্যাপক কৌতুহল ও প্রশংসার সৃষ্টি করেছে।
নীলফামারী-৪ আসনের ভোটার ৩২ বছর বয়সী সামিউল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। তার বিয়ের দিনটি জাতীয় নির্বাচনের তারিখের সঙ্গে মিলে যাওয়ায় তিনি সিদ্ধান্ত নেন—আগে দেশের প্রতি দায়িত্ব পালন করবেন, তারপর কনের বাড়িতে যাবেন। মাথায় পাগড়ি আর বরের রাজকীয় সাজে তাকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখে অবাক হন উপস্থিত সাধারণ ভোটার ও কর্মকর্তারা।
ভোট দেওয়া শেষে হাস্যোজ্জ্বল সামিউল বলেন, "ভোট দেওয়া আমাদের পবিত্র নাগরিক দায়িত্ব। জীবনের এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতেই আমি বিয়ের আগে কেন্দ্রে এসেছি।" তার এই অনন্য উদ্যোগ স্থানীয় তরুণ সমাজ ও প্রতিবেশীদের কাছে দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।