তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় কুমিল্লার তিন প্রভাবশালী নেতা স্থান পাওয়ায় জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও জাকারিয়া তাহের সুমন। এছাড়া দলীয় ত্যাগের পুরস্কার হিসেবে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদের শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়লে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
কুমিল্লা-৩ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং কুমিল্লা-৮ আসনের দুইবারের সংসদ সদস্য ও বর্তমান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ঘিরে মুরাদনগর ও বরুড়ায় আনন্দ মিছিল হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে নিয়ে। কুমিল্লা-৬ আসনে দলের দুঃসময়ের কান্ডারি ইয়াছিন এবার দলীয় মনোনয়ন না পেলেও এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচন না করে নেতার নির্দেশ মেনে নেওয়ায় তাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার বাসিন্দারা এই তিন নেতার ছবি শেয়ার করে অভিনন্দন জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা দক্ষিণ ও উত্তরের এই ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব জেলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। মঙ্গলবার সকালে ফোন পাওয়ার পর থেকেই দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ ও উল্লাস প্রকাশ করতে থাকেন, যা শপথ গ্রহণের পর পূর্ণতা পায়।