মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আনারপুরা এলাকায় আকিজ পেপার মিলের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রাকে থাকা মালামালের বড় অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ প্রাথমিকভাবে এটিকে নাশকতার অংশ হিসেবে সন্দেহ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লাগামী লেনে কুষ্টিয়া ট-১১-২২০৮ নম্বরের ট্রাকটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়, এবং মুহূর্তের মধ্যে তা মালামালে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তিনি নিশ্চিত করেন, মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং নাশকতার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।