নিজস্ব প্রতিবেদক: দিনভর গ্রাহকদের ভোগান্তির পরে অবশেষে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ( এলপিজি ) ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে গতকাল বুধবারের ঘোষণা অনুযাযী বেশ কিছু দাবিতে এলপিজি ডিলার ও ব্যবসায়ীরা সিলিণ্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষনা দেন। সে মোতাবেক আজ বৃহষ্পতিবার (৮ জানুয়ারী) সকাল থেকে দেশব্যাপী এলপিজি বিপণন ও সরবরাহ বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
এর পরে সরকারের নির্দেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)র পক্ষ থেকে সতর্কতা ও তৎপরতা দেখা যায়। তারা আজ বিকেলে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে আলোচনায় বসেন। ফলশ্রুতিতে বৃহষ্পতিবার বিকেলে বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান জানান, তাদের দাবি পূরণের আশ্বাসে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি বলেন, বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের যেসব দাবি ছিল, সেগুলো তিনি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

আজকের বৈঠকে নেতারা তিনটি দাবি উত্থাপন করেন—সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেছেন যে চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন। জালাল আহমেদ আরও বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহের সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে।
তবে সেলিম খান বলেন, অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতেই তাদের ১ হাজার ৩০০ টাকার বেশি দিতে হচ্ছে। তাই ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়।
এদিকে বিইআরসি চেয়ারম্যান বলেন, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে পণ্য বিক্রির কোনো যুক্তি তিনি দেখছেন না।
গতকাল বুধবার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ঘোষণঅ দেয়া হয় যে, আজ সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখা হবে। সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডই বাজারে এলপিজি সিলিন্ডার বিক্রি করে। আজ সকালের দিকে খোজ নিয়ে জানা যায়, ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে এলপিজি সিলিন্ডারের বিক্রি বন্ধ আছে। এর বাইরে দেশের অন্য জেলায় এলপিজি বিক্রি চলছে। কিছু কিছু এলঅকায় বেশী দামে এলপিজি সিলিণ্ডারিবিক্রি হতেও দেখা গেছে। তবে এলপিজি ব্যবসায়ীরা প্রত্যাহার তুলে নিলেও বাজারে ১২ কেজি সিলিণ্ডারের দাম কত মূল্য হবে তার কোন নির্দ্দিষ্ট উল্লেখ না থাকায় আবারো সিলিণ্ডার অনেক বেশী দামে বিক্রি হবে বলে মনে করছেন গ্রাহকরা।