নিজস্ব প্রতিবেদক: অসুস্থ দুই শিশুকে চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন তাদের মা–বাবা। কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা ওই দুই শিশুকে উদ্ধার করে নিজের হেফাজতে নিলেন সিএনজিচালিত অটোরিকশা চালক মহিম উদ্দিন।
গতকাল রবিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে মেয়ে শিশুরটির বয়স চার ও ছেলেশিশুটির বয়স দুই বছর। মেয়েশিশুটি জানায়, তার নাম আয়েশা ও তার ভাইয়ের নাম মোরশেদ। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম ও মা ঝিনুক আখতার।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গুচ্ছগ্রাম এলাকায় মহিম উদ্দিনের বাড়িতে আশ্রয় পায় শিশু দুটি। তাদের মধ্যে আয়েশা জানায়, তাদের মা–বাবার কাছ থেকে এনে এক খালা সড়কের পাশে রেখে চলে গেছেন।
মহিম উদ্দিন বলেন, সন্ধ্যার পরও সড়কের পাশে কাঁপতে কাঁপতে বসে থাকা দুই শিশুকে দেখে তিনি কাছে যান। বড় শিশুটির সঙ্গে কথা বলে পরিস্থিতি জানতে পেরে তাদের বাড়িতে নিয়ে আসেন।
মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ। ছোট শিশুটি প্রতিবন্ধীও। রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বস্তি পায়। তার ধারণা, শিশুদের অসুস্থতার কারণেই মা–বাবা তাদের ফেলে রেখে গেছেন।
এ বিষয়ে আজ বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ‘সেইভ হোমে’ পাঠানোর ব্যবস্থা করা হবে।