শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ধামইরহাট উপজেলা পরিষদ চত্বর থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা শারমিনের নেতৃত্বে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও র্যালিপূর্ব সমাবেশে ইউএনও কাজী তাহমিনা শারমিন বলেন, "ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে বাঁচতে হলে সর্বাগ্রে সচেতনতা প্রয়োজন। বাসা-বাড়ি ও আশপাশের কোথাও যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে জমে থাকা পরিষ্কার পানি, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।" তিনি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন ধামইরহাট পৌরসভার প্রশাসক সজল কুমার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমানসহ প্রমুখ।
এছাড়া অভিযানের সময় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এই মাসব্যাপী কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং মশার ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।