নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ মো. আলমগীর হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর থানার কাজিরহাট বাজারের ‘আরিফা টেলিকম’ দোকানে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ২০টি সচল এবং ২০টি অকেজো সেট রয়েছে।
নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশে ও ডিবি পুলিশের বিশেষ তদারকিতে জেলার মোবাইল চোর ও চোরাই পণ্য কেনাবেচা চক্রের বিরুদ্ধে বড় সাফল্য এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযানে ‘আরিফা টেলিকম’ নামক দোকানে তল্লাশি চালিয়ে ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় এবং দোকানের মালিক আলমগীর হোসেনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল সংগ্রহ করে তার দোকানে কেনাবেচা করে আসছিলেন। জব্দকৃত ৪০টি মোবাইলের মধ্যে ২০টি সচল থাকলেও বাকি ২০টি যন্ত্রাংশ খুলে বিক্রির উদ্দেশ্যে অকেজো করে রাখা হয়েছিল। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে মোবাইলগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনায় ২৬ ফেব্রুয়ারি নীলফামারী থানায় দণ্ডবিধির ৪১৩/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, মোবাইল চুরি ও চোরাই ফোন কেনাবেচার সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করতে ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।