রেলওয়ে সূত্র জানায়, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর সামনে রেললাইনের ওপর পানি জমে থাকতে দেখে চালক নিরাপত্তার স্বার্থে ট্রেনটি থামিয়ে দেন।
ষোলশহর স্টেশনের পরবর্তী স্টেশন জানালিহাট। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বর্ষণের কারণে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ট্রেনে থাকা প্রায় এক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ের কর্মকর্তারা জানান, সকালে একই পথে প্রবাল এক্সপ্রেস নিরাপদে চলাচল করলেও পরে টানা ভারি বৃষ্টিতে পরিস্থিতির অবনতি ঘটে। বৃষ্টির পানি রেললাইনের ওপর উঠে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ট্রেনটি আর সামনে এগোনো হয়নি।
পর্যটক এক্সপ্রেসের বেলা ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা থাকলেও, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও ট্রেনটি ষোলশহর এলাকায় আটকে রয়েছে। রেললাইনের পানি নেমে গেলে ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে রেল যোগাযোগেও।
রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।