নিজস্ব প্রতিনিধি: ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। অনুষ্ঠানে জেলার উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সংবাদকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
পবিত্র রমজান উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মনিরা হক এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবী নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনায় বক্তারা রমজানের সংযমের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও সাহসিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা ফেনীর গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্লাব সদস্য আহছান উল্যাহ। ইফতারে জেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলাউদ্দিন সবুজ/রাজধানী