মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তাতিবাড়ি এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে দ্রুতবেগে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, নিহতরা সবাই ভ্যানযাত্রী ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। দুর্ঘটনার ফলে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।