ময়মনসিংহের ত্রিশালে চাঞ্চল্যকর চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার (৬২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি মানিব্যাগের সূত্র ধরে দীর্ঘ এক বছর পর প্রধান অভিযুক্ত তাবারক আকন্দ কামালকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্য-প্রযুক্তির সহায়তায় মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন সনদের সূত্র ধরে ঘাতককে শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে ত্রিশালের সাউথকান্দা এলাকায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধারের সময় ক্রাইমসিন ইউনিট পাশ থেকে একটি মানিব্যাগ জব্দ করে। সেই মানিব্যাগের ভেতর থাকা নথিপত্র বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করে ডিবি। গ্রেপ্তারকৃত তাবারক আকন্দ এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে স্বীকার করেছেন।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এক বছর আগের এই ক্লুলেস মামলার জট খুলল আসামির ফেলে যাওয়া সামান্য একটি মানিব্যাগের মাধ্যমে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত সুসেন চন্দ্র সরকার স্থানীয় বগার বাজার এলাকার একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে এই গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।