লক্ষ্মীপুরে নির্বাচনের অবৈধ সিল তৈরির অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জুবলি দিঘির পাড় এলাকায় একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে ছয়টি জাল সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের ‘মারিয়াম প্রিন্টাস’-এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কোনো বৈধ অনুমতি ছাড়াই তৈরি করা ছয়টি ভোটের সিল উদ্ধার করা হয়। আটক সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জনৈক এক ব্যক্তি তাকে এই সিলগুলো তৈরির অর্ডার দিয়েছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সিল অবৈধভাবে তৈরি করা দণ্ডনীয় অপরাধ। এর পেছনে অন্য কোনো বড় চক্র বা নির্বাচনী কারচুপির পরিকল্পনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত সোহেল রানাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসন এমন জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।