নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড থেকে নদীতে লাফিয়ে পড়ে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বালুভর্তি একটি বাল্কহেড মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শুক্রবার ভোরে ধর্মগঞ্জ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন’ নামক একটি যাত্রীবাহী লঞ্চ বাল্কহেডটিকে সজোরে ধাক্কা দেয়। লঞ্চের ধাক্কায় আতঙ্কিত হয়ে বাল্কহেডের দুই শ্রমিক প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলে তারা প্রবল স্রোতে তলিয়ে যান।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথভাবে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে বুড়িগঙ্গায় তল্লাশি চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ ও লঞ্চটির গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে।