সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে বিশ্বম্ভরপুর-জামালগঞ্জ সড়কে তল্লাশির সময় দুটি মোটরসাইকেল থেকে মোট ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় মো. মামুন মিয়া (২৩) এবং মো. উবায়দুল (২১) নামে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়।
শনিবার সকাল ৭টার দিকে সন্দেহজনক মোটরসাইকেল দুটিকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটরসাইকেলে থাকা আরোহীরা দ্রুত পালিয়ে যায়। তবে অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি চালিয়ে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং মো. মামুন মিয়া ও মো. উবায়দুলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এম আর সজিব/রাজধানী