আহমেদাবাদে গত রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ের পর দেয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে পরের দুই ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।
এই অবস্থায় আরেকটি দুঃসংবাদ এল ভারতীয় দলে। চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ সামনে রেখে অনুশীলনে দলের বাকিরা থাকলেও অনুপস্থিত রিংকু সিং। বিশ্বকাপের জন্য ভারত ক্রিকেট দল-এর স্কোয়াডে থাকা রিঙ্কু আবার দলে ফিরবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। দলীয় ব্যবস্থাপনা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সাম্প্রতিক বছরগুলোতে সাদা বলের ক্রিকেটে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন রিঙ্কু, বিশেষ করে চাপের মুহূর্তে ম্যাচ শেষ করার দক্ষতার জন্য তিনি সমাদৃত। তার দীর্ঘ অনুপস্থিতি টুর্নামেন্টের শেষভাগে দলের সমন্বয়ে প্রভাব ফেলতে পারে।
মঙ্গলবারের অনুশীলনে হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, অর্শদীপ সিং, তিলক বর্মা, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন-সহ বেশ কয়েকজন ক্রিকেটার মাঠে উপস্থিত থাকলেও দেখা যায়নি রিঙ্কুকে।
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে রিঙ্কুর পারফরম্যান্স ছিল মিশ্র। বেশিরভাগ সময়ই খুব কম বল হাতে নিয়ে ক্রিজে নামতে হয়েছে তাকে। পাঁচ ইনিংসে করেছেন মাত্র ২৪ রান; দুইবার অপরাজিত ছিলেন এবং সর্বোচ্চ স্কোর ১১ অপরাজিত। চলতি বছরে ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আট ইনিংসে তার সংগ্রহ ১১৫ রান, গড় ২৮.৭৫ এবং স্ট্রাইক রেট ১৩২.১৮; সর্বোচ্চ ৪৪ অপরাজিত।
এদিকে বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ‘জিততেই হবে’ ম্যাচে নামবে ভারত। সুপার এইটের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বড় হারের পর শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলো জিততেই হবে ‘মেন ইন ব্লু’-দের। পাশাপাশি তাদের আশা করতে হবে, সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকা অপরাজিত থাকুক।
এই মুহূর্তে অবশ্য ক্রিকেট নয়, রিঙ্কুর পরিবারের পরিস্থিতিই সবার অগ্রাধিকার। দলীয় ব্যবস্থাপনার আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছে ক্রিকেট মহল।