ব্রিটেনের স্বায়ত্তশাসিত দ্বীপ জার্সিতে এক নারীকে ঘুষি মেরে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাপুয়া নিউ গিনির (পিএনজি) আন্তর্জাতিক ক্রিকেটার কিপলিন দোরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩০ বছর বয়সী এই উইকেটকিপার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ খেলতে জাতীয় দলের সঙ্গে সফরে গিয়েছিলেন। গত ২৫ আগস্ট সেন্ট হেলিয়েরের হিলারি স্ট্রিটে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রায় দুই মাসের বিচারকার্য শেষে গতকাল (শুক্রবার) আদালত এই রায় দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ক্রিকেটার কিপলিন দোরিগা হোটেলে ফেরার পথে ২৫ আগস্ট রাত আড়াইটার দিকে এক নারীর পথরোধ করেন। এরপর তিনি সেই নারীকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন এবং তাঁর মোবাইল ফোনটি ছিনতাই করেন। দোরিগাকে ওই দিনই গ্রেপ্তার করা হয় এবং পরের দিন জার্সির ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলে তিনি অপরাধ স্বীকার করেন।
৩৯টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটারের শাস্তি হওয়ায় তাঁর ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সংশয় দেখা দিয়েছে। পিএনজির একজন কর্মকর্তা এই ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, এরকম কাজ যে ও করবে আমাদের ধারণাই ছিল না। অত্যন্ত খারাপ কাজ করেছে। ওর শাস্তি প্রাপ্য। এই ঘটনার আগে দোরিগা ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেললেও, পরে আর তিনি খেলতে পারেননি।