টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার যে লড়াই করছিল বাংলাদেশ, আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতেও (ডিআরসি) তা ব্যর্থ হয়েছে। এর আগে ভেন্যু সংক্রান্ত ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরেছিল বিসিবি। ডিআরসি-র এই রায়ের ফলে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ এখন বড় অনিশ্চয়তার মুখে পড়ল।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত থেকে শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার শেষ প্রচেষ্টাতেও বিফল হয়েছে বাংলাদেশ। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে করা বিসিবির আবেদনটি খারিজ হয়ে গেছে। মূলত আইনি মারপ্যাঁচেই আটকে গেছে বাংলাদেশের দাবি।
ডিআরসি তাদের সিদ্ধান্তের স্বপক্ষে জানিয়েছে, কমিটির বিধিমালা ১.৩ ধারা অনুযায়ী, আইসিসি বা এর কোনো অনুমোদিত পর্ষদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগ হিসেবে কাজ করার এখতিয়ার তাদের নেই। এর আগে আইসিসির বোর্ড সভায় ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে বাংলাদেশের পক্ষে মাত্র ১টি ভোট পড়েছিল এবং বিপরীতে পড়েছিল ১৪টি ভোট। ফলে আইসিসির অবস্থান চূড়ান্ত বলে গণ্য হলো।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা আছে—হয় ভারতের মাটিতে গিয়ে খেলতে হবে, নয়তো বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে হবে। বিসিবি যদি শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্তে অটল থাকে, তবে তাদের পরিবর্তে কোন দেশ সুযোগ পাবে তা আজ শনিবারের মধ্যেই ঘোষণা করতে পারে আইসিসি। এই রায়ের ফলে ২০২৬ বিশ্বকাপে লাল-সবুজ প্রতিনিধিদের অংশ নেওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।