বিপিএল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হওয়া ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ম্যাচ শেষে মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
খেলার মাঠেই শেষ বিদায় জানানো হলো অভিজ্ঞ কোচ মাহবুব আলী জাকিকে। শনিবার দুপুরে বিপিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তাঁর মরদেহ আবারও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আনা হয় এবং সেখানে প্রথম জানাজা সম্পন্ন হয়।
মরহুমের মরদেহ এখন তাঁর নিজ বাড়ি কুমিল্লার পথে রয়েছে। এদিকে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, জাকির পরিবারের যাবতীয় দায়িত্ব ও খরচ ফ্র্যাঞ্চাইজিটি বহন করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্যান্য দলগুলোও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ঘরোয়া ক্রিকেটে নিবেদিতপ্রাণ এই কোচের বিদায় দেশের ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।