নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে মূলত আসন্ন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন ইস্যু উঠে এসেছে।
বুধবার (২৪ ডিস্মেবর) দুপুর সোয়া ১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের সঙ্গে পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে তাদের আলোচনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং গণভোটের সম্ভাবনা।
এনসিপির পক্ষ থেকে বর্তমান নির্বাচনী পরিবেশ এবং আসন্ন নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করার বিষয়ে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। ইসির সঙ্গে এই বৈঠকের বিস্তারিত ফলাফল ও পরবর্তী সিদ্ধান্তগুলো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।