দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একগুচ্ছ 'চমক' নিয়ে কাজ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো আধুনিক বিষয়গুলোকে পাঠ্যক্রমে প্রাধান্য দেওয়া হবে। ২০০১ সালের সফল শিক্ষা প্রতিমন্ত্রী মিলন এবার পূর্ণ মন্ত্রী হিসেবে শিক্ষা খাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।
শপথ গ্রহণ পরবর্তী সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, "আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে নিয়ে যেতে হবে। এটি এখন আর কোনো স্থানীয় বিষয় নয়, বরং আন্তর্জাতিক পণ্য।" তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বায়োটেক, ন্যানোটেকনোলজি এবং কারিগরি শিক্ষার (TVET) ওপর গুরুত্বারোপ করেন। ইন্ডাস্ট্রি ও একাডেমির মধ্যে সমন্বয় সাধন করে শিক্ষার্থীদের কর্মমুখী করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করার অঙ্গীকার করে তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকাকে শিক্ষা, মাদক নির্মূল ও দুর্নীতিমুক্ত করার মাধ্যমে দেশের সেরা উপজেলা হিসেবে গড়ে তুলবেন। উল্লেখ্য, অতীতে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নকলমুক্ত পরীক্ষা পদ্ধতি চালু করে তিনি ব্যাপক আলোচিত হয়েছিলেন। এবার পূর্ণ মন্ত্রী হিসেবে তাঁর হাত ধরে নতুন কোনো বৈপ্লবিক পরিবর্তন আসে কি না, সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী।