রাজধানীর নয়াপল্টনে শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর ‘শারমিন একাডেমি’ নামের সেই শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে পালিয়েছেন শিক্ষকরা।
পুলিশি তদন্ত ও জনরোষের ভয়ে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। অভিযুক্ত পরিচালক শারমিন আক্তারসহ সংশ্লিষ্টরা বর্তমানে পলাতক রয়েছেন।
স্কুল ভবনের কেয়ারটেকার জানিয়েছেন, গতকাল পর্যন্ত স্কুল খোলা থাকলেও আজ সকাল থেকে কোনো শিক্ষক বা কর্তৃপক্ষের দেখা মেলেনি। মূলত সিসিটিভি ফুটেজে এক শিশুকে অফিস কক্ষে আটকে রেখে মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে বেধড়ক মারছেন এবং প্রতিষ্ঠানের পরিচালক শারমিন আক্তার শিশুটির হাত চেপে ধরে আছেন।
পল্টন থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের থানায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। তবে তারা পুলিশের ডাকে সাড়া না দিয়ে আত্মগোপন করেছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নির্যাতক শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় অভিভাবকরা আজ স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।