বেতন গ্রেড বৃদ্ধি, উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকরা লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচির তারিখ পরিবর্তন করে দ্রুত দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় শিক্ষকরা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত ৮ নভেম্বরের আন্দোলনে পুলিশের হামলায় আহত একজন শিক্ষকের মৃত্যু হওয়ায় আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৮ নভেম্বরের অবস্থান কর্মসূচি এবং শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হন। এরপর ৯ ও ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রণালয়ের সাথে আলোচনার ভিত্তিতে একটি অগ্রগতি আশা করা হয়েছিল। অর্থমন্ত্রণালয় থেকে ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় ৩০ নভেম্বরের পূর্বঘোষিত কর্মসূচি পরিবর্তন করে ২৭ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষকদের মূল তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা। ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতা দূর করা। সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
এদিকে, গত ৮ নভেম্বরের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ঝিনাইয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার গত ১৬ নভেম্বর মিরপুর আলোক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই ঘটনা শিক্ষকদের আন্দোলনে আরও প্রভাব ফেলেছে।