দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্মানসূচক অস্কারে ভূষিত হলেন হলিউড সুপারস্টার টম ক্রজ।
রবিবার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে ক্রুজ বলেন, সিনেমা তাঁকে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সঙ্গে যুক্ত করেছে এবং এটি শুধু তাঁর কাজ নয়, বরং তাঁর পরিচয়। তিনি এর আগে চারবার অস্কারের জন্য মনোনীত হলেও জয়ী হতে পারেননি।
পুরস্কার গ্রহণের পর টম ক্রুজ চলচ্চিত্রের সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অন্ধকার হলে আমরা একসাথে হাসি, কাঁদি, আশা করি—এটাই সিনেমার আসল শক্তি। তিনি স্মরণ করেন ছোটবেলার স্মৃতি, যখন সিনেমা হলের আলো তাঁর মনে গল্প বলার ও স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছিল।
‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘ম্যাগনোলিয়া’ এবং ‘টপ গান: ম্যাভেরিক’ (প্রযোজক হিসেবে) ছবিগুলোর জন্য তিনি মোট চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। অনারারি অস্কার পাওয়ার মাধ্যমে টম ক্রুজ এখন আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের কিংবদন্তিদের কাতারে স্থান করে নিলেন। এই একই অনুষ্ঠানে ডেবি অ্যালেন, উইন থমাস এবং মানবিক অবদানের জন্য ডলি পার্টনকেও সম্মাননা প্রদান করা হয়।