বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন। একইসঙ্গে দুই দেশের মধ্যে ঝুলে থাকা বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট তাঁর বার্তায় বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন ও নতুন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, একটি মুক্ত ও সার্বভৌম ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অংশীদার হিসেবে কাজ করবে। ট্রাম্প বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হলে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা লাভবান হবেন।
প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, নিয়মিত চুক্তিগুলো সম্পন্ন হলে বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকার তৈরি বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের ওপর পূর্ণ আস্থা রেখে ট্রাম্প বলেন, দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরাসরি কাজ করতে মুখিয়ে আছেন।