লাদাখে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ছাত্রসহ চার জন নিহত হওয়ার পর অঞ্চলটির রাজধানী লেহে কারফিউ জারি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের অস্থিরতায় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি অফিসে আগুন ধরিয়ে দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে দায়ী করেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, মুসলিম ও বৌদ্ধ জনগোষ্ঠীর আবাসস্থল পাহাড়ি মরুভূমি লাদাখ ২০১৯ সালে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর আধা-স্বায়ত্তশাসনের অধিকার হারায়। বিজেপি সরকার জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিভক্ত করে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে।
প্রায় তিন লাখ জনসংখ্যার লাদাখ চীন ও পাকিস্তানের সীমান্তবর্তী হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেহ অঞ্চল, যা মূলত বৌদ্ধ অধ্যুষিত, কয়েক দশক ধরে পৃথক রাজ্যের দাবি করে আসছে। অপরদিকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিল জেলা ঐতিহাসিকভাবে কাশ্মীরের সঙ্গে একীভূত হতে চেয়েছিল। তবে ২০১৯ সালের পর থেকে উভয় সম্প্রদায় বৃহত্তর স্বায়ত্তশাসন ও রাজ্য মর্যাদার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে।
বুধবারের বিক্ষোভের পর গভীর রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোনম ওয়াংচুক অনশন চালিয়ে গেছেন এবং আরব বসন্ত ও নেপালের জেন-জি বিক্ষোভের উদাহরণ দিয়ে জনগণকে উসকানি দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে এবং পুলিশের গাড়িও পুড়িয়ে দেয়। এতে অন্তত ৩০ জন পুলিশ সদস্য আহত হয়।
স্থানীয় সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায় ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন এবং চার জন গুরুতর আহত অবস্থায় মারা যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, "আত্মরক্ষার জন্য পুলিশকে গুলি চালাতে হয়েছিল, যার ফলে কিছু হতাহতের ঘটনা ঘটে।"
লাদাখ বৌদ্ধ সমিতির প্রধান ছেড়িং দর্জে লাকরুক জানান, লাদাখের তরুণরা সহিংসতার বিপক্ষে, তবে দীর্ঘদিনের বঞ্চনা ও সরকারের অনীহা তাদের হতাশ করে তুলেছে। তিনি বলেন, সরকার যখন জনগণ অনশন ধর্মঘটে আছে, তখন সংলাপের তারিখ পিছিয়ে দেওয়া তাদের আরও ক্ষুব্ধ করে তুলেছে।
প্রসঙ্গত, ভারত লাদাখে ব্যাপক সেনা মোতায়েন রেখেছে। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় এবং ৪ জন চীনা সেনা নিহত হয়েছিল।