ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান ভয়াবহ সামরিক সংঘাতের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলো এই জরুরি সিদ্ধান্ত নেয়। নিরাপত্তার স্বার্থে মাঝপথ থেকে ফিরে এসেছে বিমানের একটি দাম্মামগামী ফ্লাইট। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অস্থিরতা ও যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলের সব রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ফ্লাইটগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম নিশ্চিত করেছেন যে, চলমান যুদ্ধের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম অভিমুখে রওনা হওয়া বিমানের 'বিজি ৩৪৯' ফ্লাইটটি মাঝপথ থেকেই ঢাকায় ফিরে আসছে বলে জানা গেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের একটি ফ্লাইট বর্তমানে দুবাইতে নিরাপদ অবস্থানে রয়েছে এবং ঢাকা থেকে নতুন কোনো ফ্লাইট ছাড়া হচ্ছে না।
সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানান, উদ্ভূত পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বর্তমানে 'হোল্ড' বা স্থগিত রাখা হয়েছে। কাতার, কুয়েত ও আমিরাতের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ইরানের মিসাইল হামলার খবরের পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।