কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর ওপর চাপের পাহাড় তৈরি হয়েছে।
মার্কিন কংগ্রেসের প্রভাবশালী আইনপ্রণেতারা অ্যান্ড্রুকে যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি সাক্ষ্য দেওয়ার এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এ ব্রিটিশ রাজার ছোট ভাইয়ের নাম ও একাধিক চাঞ্চল্যকর নথি সামনে আসায় এই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না এবং কংগ্রেসওম্যান তেরেসা লেগার ফার্নান্দেজ কড়া ভাষায় বলেছেন, ব্রিটিশ রাজপরিবারের অবস্থান এই ইস্যুতে মোটেও ‘স্বচ্ছ’ নয়। ফার্নান্দেজ সরাসরি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে উদ্দেশ্য করে বলেন, তাঁর উচিত ভাইকে যুক্তরাষ্ট্রে গিয়ে কংগ্রেসের ওভারসাইট কমিটির প্রশ্নের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া। সম্প্রতি প্রকাশিত নথিতে দেখা গেছে, এপস্টেইনকে বাকিংহাম প্যালেসে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে প্রভাবশালী ব্যক্তিদের সাথে রুশ নারীদের পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাবও ছিল।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও তদন্তে মার্কিন কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য অ্যান্ড্রুকে পরামর্শ দিয়েছেন। রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, টেমস ভ্যালি পুলিশ এই অভিযোগগুলো খতিয়ে দেখলে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে রাজতন্ত্রবিরোধী গোষ্ঠী ‘রিপাবলিক’ ইতিমধ্যে অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি পদে থেকে অসদাচরণের অভিযোগ এনেছে। মার্কিন আইনপ্রণেতাদের দাবি, কেবল রাজকীয় উপাধি কেড়ে নেওয়াই যথেষ্ট নয়, বরং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে অ্যান্ড্রুকে অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে।