ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফেরা এই নেতার সামনে তিনটি প্রধান চ্যালেঞ্জ দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং তৈরি পোশাক শিল্পসহ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন করাই হবে তাঁর প্রধান কাজ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের গণঅভ্যুত্থান ও দীর্ঘ অস্থিরতার পর বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হচ্ছে। ৬০ বছর বয়সী তারেক রহমানের সরকারের জন্য ৩টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে:
১. রাজনৈতিক স্থিতিশীলতা: গত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে দেশে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করা।
২. অর্থনৈতিক পুনর্গঠন: বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের আস্থা ফিরিয়ে আনা এবং বিদেশি অর্ডার বাড়াতে পোশাক শিল্পকে পুনরায় চাঙা করা।
৩. পররাষ্ট্রনীতি সামলানো: ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রতিযোগিতার মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদদের মতে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি খুব দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও আইন প্রণয়ন করতে পারবে। তবে জামায়াতে ইসলামীর মতো শক্তিগুলোর অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন সামলানো হবে তাঁর নেতৃত্বের বড় পরীক্ষা।