২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনেত্রী ববিতা, সাংবাদিক শফিক রেহমান এবং মরণোত্তর সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুসহ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রিয় ব্যান্ড দল 'ওয়ারফেজ' এই রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তালিকা প্রকাশ করেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত এই তালিকায় রয়েছেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এবং বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি প্রয়াত আইয়ুব বাচ্চু (মরণোত্তর)।
এছাড়াও চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে ব্যান্ড মিউজিকে বিশেষ অবদানের জন্য দেশের জনপ্রিয় ব্যান্ড দল 'ওয়ারফেজ' দলীয়ভাবে একুশে পদকের জন্য নির্বাচিত হয়েছে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, শিল্পকলা ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতেই প্রতি বছর এই রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়ে থাকে।