সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এই শোকবার্তা হস্তান্তর করেন।
খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ড. এস জয়শঙ্কর। এরপর তিনি সরাসরি সংসদ ভবনে গিয়ে তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তাটি তার হাতে তুলে দেন। বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। আজ দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জানাজায় অংশ নিতে ইতোমধ্যেই সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। জানাজা সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।