বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের আন্দোলন ১৬তম দিনে গড়িয়েছে। দাবি বাস্তবায়নের অগ্রগতি না হওয়ায় আজ (৩ নভেম্বর) তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন এবং আগামীকাল (৪ নভেম্বর) কাফনের কাপড় পরে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন।
আজ (৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রা শুরু করে। তবে শাহবাগ মোড়ের আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
আন্দোলনকারীরা শাহবাগে প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা আমরা চাকরি চাই, ভিক্ষা নয় স্লোগান দিতে থাকেন। শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।
সংগঠনের সভাপতি রুবেল হোসেন বলেন, সরকার বারবার সময় নিচ্ছে, কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা যথেষ্ট সংযম দেখিয়েছি। এবার বাস্তব পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
আন্দোলনকারী নেতারা জানান, ২৯ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালকের সঙ্গে বৈঠকের পর তারা পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যা আজ শেষ হয়েছে। দাবি বাস্তবায়নের অগ্রগতি না থাকায় তারা আবারও পদযাত্রা শুরু করেন।
গত ১৯ অক্টোবর থেকে এ নিয়ে চারবার তারা যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন, কিন্তু প্রতিবারই পুলিশ শাহবাগে বাধা দিয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২৬ অক্টোবর তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও কিছু বহিরাগত ব্যক্তি হামলা চালায়, যাতে অন্তত ১০ জন আহত হন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবি জানান।
আন্দোলনে সংহতি জানিয়েছে প্রতিবন্ধী নাগরিক অধিকার সুরক্ষা প্ল্যাটফর্ম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রতি দুই বছর পরপর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ নিয়োগের স্থায়ী ব্যবস্থা করা। সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনযোগ্য বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা।