আগামীকালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সরকারকে বিশেষ বার্তা দিয়েছে জাতিসংঘ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতিতে সংস্থাটি নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে অনলাইন ও অফলাইন সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্ব সংস্থাটি।
ঢাকায় অবস্থিত জাতিসংঘ কার্যালয় তাদের বার্তায় উল্লেখ করেছে যে, নির্বাচনে নিরাপদ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় নারী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সাইবার বুলিং, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট তৈরির হার বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া নারীরা যেন কোনো বৈষম্য ছাড়াই ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা জরুরি বলে বিবৃতিতে জানানো হয়।
জাতিসংঘ স্পষ্ট জানিয়েছে, নারী ও মেয়েদের ওপর যেকোনো ধরণের হয়রানি বা প্রতিশোধের আশঙ্কা মুক্ত পরিবেশ তৈরি করা একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য অপরিহার্য। রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরণের ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা ও আইনের শাসন বজায় রেখে প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষা দেবে বলে জাতিসংঘ আশা প্রকাশ করেছে এবং এই লক্ষ্যে সরকারকে সব ধরণের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।