পুলিশসহ সকল শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জনের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেড় যুগ পর রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশা অনেক, যা পূরণে গণতান্ত্রিক সংস্কার অপরিহার্য।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন ও নৈতিক মান উন্নয়ন এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বাজেট বরাদ্দ নিশ্চিত করা হবে। মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের একটি যুগোপযোগী ও সঠিক পরিকল্পনা তৈরির নির্দেশ দেন, যার মাধ্যমে সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব হবে।
সভায় আইজিপি বাহারুল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী স্পষ্ট করেন যে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনই হবে নতুন প্রশাসনের মূল লক্ষ্য।