ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের কেন্দ্রে আনার জন্য কোনো প্রার্থী বা তাঁর সমর্থক যানবাহন ব্যবহার করতে পারবেন না বলে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক পরিপত্রের মাধ্যমে ইসি জানিয়েছে, ভোটারদের প্রভাবিত করা ঠেকাতে এবং নির্বাচনী আচরণবিধি সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে আইন লঙ্ঘনকারী প্রার্থীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন স্বাক্ষরিত ওই পরিপত্রে আরও বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে ভোটগ্রহণের আগেই কেন্দ্র এলাকা থেকে সব ধরনের পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল সরিয়ে ফেলতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রতিটি ভোটকক্ষে একটি মাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের নিয়ম করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রের জন্য একটি অতিরিক্ত বাক্স মজুত রাখা হবে।
জেলা পর্যায়ে ইতিমধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। ইসি স্পষ্ট করেছে যে, কোনোভাবেই কোনো প্রার্থী তাঁর নিজস্ব ব্যবস্থাপনায় ভোটারদের যাতায়াতের সুবিধা দিতে পারবেন না, কারণ এটি নির্বাচনী নীতিমালার পরিপন্থী। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই নিরাপত্তা ও ব্যবস্থাপনা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।