টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর নিজ জন্মভূমি সিলেটে ছুটে গেছেন ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামায়াত কোনো জোট করার সিদ্ধান্ত নেয়নি এবং জোট করবেও না। তবে তারা নির্বাচনী সমঝোতা করতে আগ্রহী।
জামায়াত আমির বলেন, আমরা নির্বাচনী সমঝোতা করব। শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরো অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।
তিনি দাবি করেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনেই জনসমর্থন সবচেয়ে বেশি।
জামায়াত কি আওয়ামী লীগসহ সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। আপনারা কী তাদের ওপর জোর করে নির্বাচন চাপিয়ে দেবেন? তারা নির্বাচনে বিশ্বাসী, সেটা তারা প্রমাণ করতে পারেনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। এসময় তিনি নতুন ভোটার তালিকা তৈরির সময়সীমা বাড়ানোসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও কথা বলেন।
পরে সিলেট জেলা-মহানগর জামায়াতের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি শোডাউনের মাধ্যমে পুনর্নির্বাচিত আমিরকে বরণ করে নেন।