অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগের পর তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত তিনি দলীয় পরিচয়ের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিলেন। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং বিভাজনের রাজনীতি অবসানের জন্য জনগণের সমর্থন চেয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেন। এরপর আসিফ মাহমুদ কোনো বড় রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা শুরু হয়েছিল।
সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। তিনি বিভাজনের রাজনীতি নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নতুন সামাজিক ও রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবায়নে জোর দেন। তিনি শহীদ মতিউর রহমান, আবরার ফাহাদ, আবু সাঈদ-সহ অন্যান্যদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে পুনর্গঠনের এই লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি নিশ্চিত করেন, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, তাঁর বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বা পর্যাপ্ত অর্থ নেই। জনগণের সহযোগিতা এবং সমর্থনকেই তিনি তাঁর একমাত্র অবলম্বন হিসেবে উল্লেখ করেন এবং তাঁর দায়বদ্ধতা কেবল জনগণের প্রতিই থাকবে বলে জানান।
আসিফ মাহমুদ নিজেকে শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নন, গণভোটেরও প্রার্থী হিসেবে ঘোষণা করেন। দেশ সংস্কারের এই সুযোগ কাজে লাগাতে তিনি গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এদিকে, আরেক পদত্যাগী ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কি না, বা করলে কোন দল থেকে করবেন, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।