নির্বাচনে শুধু প্রার্থীদের নিরাপত্তা নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও ঢাকা-১৮ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির ব্যর্থতার সমালোচনা করেন।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন মোস্তাফিজুর রহমান ইরান। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ইরান অভিযোগ করেন, দেশের মানুষ বর্তমানে চরম আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছে। তিনি বলেন, "এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যার ফলে ছোট দলগুলোর প্রার্থীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।" শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, থানায় জিডি করার পরও যদি কাউকে জীবন দিতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তাই শুধু প্রার্থীদের নিরাপত্তা বাড়িয়ে লাভ নেই, পুরো দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, ইসি বড় দলগুলোকে অন্যায্য সুবিধা দিচ্ছে। তফসিল ঘোষণার পরও বড় দলগুলোর প্রচার সামগ্রী, পোস্টার ও বিলবোর্ড এখনো অপসারণ করা হয়নি। এ বিষয়ে কমিশন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।
লেবার পার্টির এই প্রার্থী স্পষ্ট জানান, এখনো নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি। কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও তিনি হুঁশিয়ারি দেন।