নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির চেয়ারম্যান করা হয়েছে। এখন থেকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারী) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই পদে আসীন করার সিদ্ধান্ত নেয় দল।
এর আগে রাত সাড়ে ৯ নাগাদ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ গুলশানে চেয়াপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ জরুরি বৈঠকে বসেন স্থায়ী কমিটির সদস্যরা। সেখানেই এ সিদ্ধান্ত আসে। স্থায়ী কমিটির এ সভায় তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ভারমুক্ত করে দলটির চেয়ারম্যান করা হয়।
রাত সাড়ে ১০ টা নাগাদ স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।
স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, কর্মসূচি ও সাংগঠনিক দিকনির্দেশনা এই কমিটির বৈঠকে চূড়ান্ত হয়ে থাকে। শুক্রবারের জরুরি বৈঠকেও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
এর ফলে দলের নেতা কর্মীরা ফুলের মালা, মিষ্টি বিতরন ও আলোক বাতি দিয়ে স্বাগত তাকে জানান। জানা গেছে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হয়েছেন শুনে দেশব্যাপী বিএনপির নেতা কর্মীরা উৎসবে মেতে উঠেছেন ও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা বিকেলে জানান, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও নেই বলা চলে। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দু’একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চেয়ারপারসনের পদটি শূন্য হয়ে ছিল।