মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. আব্দুল আলীমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলাগুলো পর্যালোচনার জন্য জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। সেখানে প্রতিটি মামলা আইনগতভাবে যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো চিহ্নিত করে স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে প্রকৃত রাজনৈতিক মামলাগুলোর যথাযথ নিষ্পত্তি করা যায়।
তবে আইনমন্ত্রী স্পষ্ট করে জানান, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সরকার সরাসরি মামলা প্রত্যাহার করতে পারে না। কোনো মামলার আপিল বিচারাধীন থাকলে প্রথমে সেই আপিলের নিষ্পত্তি হতে হবে।
তিনি বলেন, আপিল নিষ্পত্তির পর ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। এরপর বিষয়টি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হবে এবং আইন অনুযায়ী রাষ্ট্রপতি সাজার মওকুফ বা ক্ষমা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
এছাড়া সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রেও আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে এবং আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় মতামত প্রদান করবে।
আইনমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মামলা প্রত্যাহারের সুযোগ না থাকলেও, আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সাজার মওকুফ বা রাষ্ট্রপতির ক্ষমা লাভের সুযোগ বিদ্যমান।